তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মসজিদে যাওয়ার পথে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল নামে এক প্রতিবেশির বিরুদ্ধে। উপজেলার বেতাগী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড এলাকায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান একই ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকার নূর আহমেদের ছেলে।
অভিযুক্ত মো. মোজাম্মেল (৪৫) একই এলাকার মো. ছুফির ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকাল অভিযুক্ত মোজাম্মেলের সঙ্গে মান্ননের চাচাতো ভাইয়ের একটা বিয়ে সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এই নিয়ে ওইদিন সন্ধ্যার পর মান্নান স্থানীয় বাজারে গেলে তার চাচাতো ভাইকে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় অভিযুক্ত মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে অভিযুক্ত মোজাম্মেলের কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। এরই জের ধরে রাত ৮টার দিকে আব্দুল মান্নান এশার নামাজে যাওয়ার পথে অভিযুক্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মোজাম্মেল চলে যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার স্থানীয় একটা হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা চলমান রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।