মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়

দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী ও সন্তানদের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

মির্জা আব্বাসের দেশে ফেরাকে ঘিরে তাঁকে স্বাগত জানাতে সন্ধ্যা ৭টা থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হন অনেকে।

দীর্ঘদিন পর মির্জা আব্বাসের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে একনজর দেখতে ও স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন।

পরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যান মির্জা আব্বাস।