বিগ বস-এ কান্নায় ভাঙলেন ইশা রিখি

ভারতের জনপ্রিয় টিভি শো 'বিগ বস'-এর ঘরে ঢুকলেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা অজানা কথা সামনে আসে। এবারও তার ব্যতিক্রম হলো না। ‘বিগ বস ২০’-এর নতুন প্রোমো ঘিরে ইতিমধ্যেই চর্চায় পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। প্রোমোয় তাকে আবেগপ্রবণ অবস্থায় দেখা গেছে। সম্পর্ক এবং হৃদয়ভাঙার প্রসঙ্গ উঠতেই চোখে জল চলে আসে তার। 

ইশা রিখি নামটি দর্শকদের কাছে নতুন নয়। তবে এবার তার ব্যক্তিগত জীবনই যেন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রে। জনপ্রিয় র‍্যাপার বাদশাহর সঙ্গে তাঁর সম্পর্ক এবং পরবর্তী বিচ্ছেদ নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবরই সংযত থেকেছেন ইশা। বিগ বসের ঘরে এসে সেই অতীতের কিছুটা ছায়া যে তাঁকে এখনও স্পর্শ করে, প্রোমোর ঝলকে তারই ইঙ্গিত মিলেছে। 

প্রোমোতে ইশাকে বলতে শোনা যায়, ‘যখন কারও হৃদয় ভেঙে যায়, তখন সেই যন্ত্রণা সামলানো সহজ নয়।’ এই কথা বলতে গিয়েই আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখে জল চলে আসে অভিনেত্রীর। ইশা ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা অবশ্য প্রোমোয় পুরোপুরি স্পষ্ট করা হয়নি। ফলে তিনি কি নিজের অতীত সম্পর্কের কথা বলছিলেন, নাকি বিগ বসের ঘরে ঘটে যাওয়া অন্য কোনো ঘটনার জেরে আবেগপ্রবণ হয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

'বিগ বস'-এর বাড়িতে প্রতিযোগীদের ব্যক্তিগত অনুভূতি এবং সম্পর্কের নানা দিক প্রায়ই প্রকাশ্যে আসে। ইশার ক্ষেত্রেও যে তার জীবনের কঠিন সময়, ভালবাসা কিংবা বিচ্ছেদের অভিজ্ঞতা আলোচনায় আসতে পারে, এই প্রোমো সেই সম্ভাবনাই উস্কে দিয়েছে। তবে পুরো বিষয়টি জানতে হলে সম্প্রচারের অপেক্ষা করতেই হবে। কারণ প্রোমোর কয়েক সেকেন্ডের ঝলকে ইশার কান্না নিয়ে তৈরি হয়েছে বিপুল আগ্রহ। কোন পুরনো আঘাতের কথা মনে করে ভেঙে পড়লেন ইশা রিখি, দর্শকের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।