বরিশালের উজিরপুরের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উজিরপুর উপজেলার নারকেলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসওয়াদ খান (৬) ওই গ্রামের পলাশ খানের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বৃষ্টির সময় বাবা মায়ের অজান্তে বাড়ির পাশে পুকুর (ডোবা) পরে যায় আসওয়াদ। প্রায় এক ঘণ্টার পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশে প্রতিবছর ১৮ হাজারের বেশি মানুষ পানিতে ডুবে মারা যায়, যাদের বড় অংশই শিশু বলে জানিয়েছে বেসরকারি সংগঠন ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ড্যাডো)।
সংগঠনটি জানায়, প্রতিদিন গড়ে ৫০ জনের পানিতে ডুবে মৃত্যু হয়। বিশেষ করে ১ থেকে ৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া। এই বয়সের শিশুরাই বেশি ঝুঁকিতে রয়েছে।
তবে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। শিশুদের নিরাপত্তাকে একটি সমষ্টিগত সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে বলে মনে করে ড্যাডো।