চাকরি পরীক্ষায় ভাইভা নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় ভাইভা নম্বর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবির। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। অথচ বর্তমান সরকার আবারও চাকরির ক্ষেত্রে বৈষম্য ও স্বজনপ্রীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। সরকারি চাকরির ভাইভা বোর্ড, এনটিআরসিএসহ বিভিন্ন নিয়োগে যে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর পেছনে যারা জড়িত, তাদেরকে পদত্যাগ ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, সরকার সকল জায়গায় দলীয়করণ করার নিমিত্তে ষড়যন্ত্রমূলকভাবে ভাইভাতে অস্বাভাবিক আকারে মার্ক বৃদ্ধি করেছে। ভাইভার মাধ্যমে তাদের দলীয় লোক নিয়োগ দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। ৫ সেপ্টেম্বর ক্যাম্পাসে একইভাবে সন্ত্রাসবাদ তারা কায়েম করতে চেয়েছিল। তারা এই এলাকার মানুষগুলোকে চাকরির লোভ দেখিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। এই দুরভিসন্ধি আমরা সফল হতে দেব না। তাদের ভাইভা পরিকল্পনার অংশ হিসেবে যে সমস্ত সন্ত্রাসীরা অস্ত্র হাতে ক্যাম্পাসে এসেছে, তাদের সকলকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পরবর্তী পরিস্থিতির জন্য প্রশাসনকে দায় নিতে হবে।

এসময় শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।