ডিজিটাল নাগরিকত্ব, অনলাইনে ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রোগ্রামের আওতায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার লাইব্রেরিতে ‘থিংক ক্রিটিক্যালি, কানেক্ট রেসপনসিভলি’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।
সংলাপে বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান শাহাব উদ্দিন (নীপু)। তিনি সংলাপের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাংবাদিকতার চর্চা ও ধরনে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অতিথির বক্তব্যে মারিয়া রেহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদারে ব্রিটিশ কাউন্সিল দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ইয়ুথ কানেক্ট প্রকল্পের মাধ্যমে তরুণদের ডিজিটাল নাগরিকত্ব, সচেতনতা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এ প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি ভুল তথ্য ও অপতথ্য শনাক্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে সচেতন সমাজ গঠনেও অবদান রাখতে পারবেন।
সংলাপের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের দুটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (সিএপি) কার্যক্রম উপস্থাপন। প্রথম গ্রুপের পক্ষে মাহবুব ফরহাদ ও নাদরাতুন নাঈম চৌধুরী এবং দ্বিতীয় গ্রুপের পক্ষে রাব্বি হোসেন ও সৃষ্টি শর্মা তাদের কার্যক্রম তুলে ধরেন।
পরে বিভাগের প্রভাষক নাজনীন আক্তারের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা অনলাইন ও অফলাইনে প্রয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা। পাশাপাশি ভবিষ্যতে কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আওতায় কী ধরনের কার্যক্রম নেওয়া যায় এবং সেগুলো বাস্তবায়নে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নিয়েও আলোচনা করেন তারা।
এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এর আগে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।