যাযাবর হওয়ার সিদ্ধান্ত জোলির

হলিউড অভিনেতা ব্র্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ দেড় যুগের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ায় মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েছিলেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অবসাদ কাটাতে অভিনয়ের ক্যারিয়ারকে গুটিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ‘সল্ট’খ্যাত এই তারকা। মাঝখানে পিটের সঙ্গে আইনি লড়াইসহ নানা কারণে সেই সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসেন জোলি। 

সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত জোলির যুক্তরাষ্ট্রে থাকার বাধ্যবাধকতা ছিল। গত জুলাইয়ে সন্তানেরা প্রাপ্তবয়স্ক হওয়ায় সেই বাধ্যবাধকতাও শেষ হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ছয় সন্তানই প্রাপ্তবয়স্ক হওয়ায় আবারও প্রিয় লস অ্যাঞ্জেলেস থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। 

নতুনভাবে জীবন কাটানোর পরিকল্পনা করছেন উল্লেখ করে ফ্যাশন ম্যাগাজিন ল’অফিসিয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছেন, আপাতত কোনো একটি দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেই তার। বরং কিছু সময়ের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে ‘যাযাবর’ জীবন উপভোগ করতে চান তিনি। নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে বলেও উল্লেখ করেন অস্কারজয়ী এই তারকা। 

এর আগে চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় নিজের ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন জোলি। সে সময় তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, লস অ্যাঞ্জেলেস ছেড়ে যাওয়ার বিষয়টি বহু বছর ধরেই ভাবছিলেন তিনি।