শুরু হচ্ছে বোলার হান্ট, নতুন প্রতিভা খুঁজবে বিসিবি-রবি

আট বছর পর নতুন রূপে ফিরছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলার হান্ট। এতদিনের পেসার হান্ট এবার পূর্ণাঙ্গ ‘বোলার হান্টে’ নামে রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতিময় পেসারদের পাশপাশি স্পিনার, মিস্ট্রি স্পিনার এবং নারী বোলারদেরও খুঁজে বের করা হবে এই কার্যক্রমের মাধ্যমে। আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন হয়।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের আট বিভাগে শুরু হবে প্রতিভা অন্বেষণের কার্যক্রম। ঢাকায় হবে দুটি ভেন্যুতে। পুরো আয়োজনের সঙ্গে আগের মতো এবারও স্পন্সর হিসেবে থাকছে রবি।

বাংলাদেশের ক্রিকেটে পেসার হান্টের রয়েছে সফল ইতিহাস। রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইবাদত হোসেনের মতো পেসাররা এই কার্যক্রমের মাধ্যমে উঠে এসে পরবর্তীতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই সাফল্যকে আরও বিস্তৃত করার লক্ষ্য বিসিবির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি তামিম ইকবাল বলেন, 'আমরা রিশাদ ও এবাদতের মতো প্রতিভা পেয়েছি। এ ছাড়া আরও অনেকে উঠে এসেছে। আশা করি এবারও বোলিং হান্টে দারুণ কাউকে পাবো।'

দীর্ঘ সময় বোলার হান্ট বন্ধ থাকাকে বিসিবির ব্যর্থতা হিসেবেই দেখছেন তামিম। তার মতে, আগের আয়োজনগুলো থেকে শুধু জাতীয় দলের ক্রিকেটারই নয়, দেশের ক্রিকেটে অবদান রাখা আরও অনেক খেলোয়াড় উঠে এসেছেন। তামিম বলেন, 'প্রায় আট বছর ধরে এই প্রোগ্রাম হয়নি। এটা বিসিবির ব্যর্থতা। আমার কাছে মনে হয়, সর্বশেষ দুইবার যখন এই প্রোগ্রাম হয়েছিল, তখন আমরা রিশাদ ও এবাদতের মতো দুজন সুপারস্টার পেয়েছিলাম।'

নারী ক্রিকেটারদের জন্যও এবার থাকছে সমান সুযোগ। ছেলেদের পাশাপাশি নারী বোলারদের জন্য আলাদা কোচিং ব্যবস্থার কথাও জানিয়েছেন তামিম। অভিভাবকদের উদ্দেশে তামিম বলেন, 'নিরাপত্তা বা অন্য কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আপনাদের বাসার মেয়েদের, বাচ্চাদের অবশ্যই পাঠাবেন। তাদের যদি ক্রিকেটে আগ্রহ থাকে, তারা আসবে, খেলবে। তাদের নিরাপত্তা ও সবকিছুর দায়-দায়িত্ব আমাদের।'

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাদের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্ব দিচ্ছে বিসিবি। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত বোলারদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় দলের আশপাশে থাকা কোচদের দিয়েই এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, কোরি কলিমোর ও মুশতাক আহমেদ থাকবেন দায়িত্বে। নারী বোলারদের বাছাইয়ে নির্বাচকরাও মাঠে থাকবেন।