অসুস্থ সন্তানকে নিয়ে মনির খানের ‘মা’

মা কে নিয়ে আবারও গান গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক মনির খান। সম্প্রতি এইচ এম নিপুর কথা ও সুরে ‘মা’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। অসুস্থ সন্তানকে ঘিরে মায়ের আবেগ ও ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে গানটি করা হয়েছে বলে জানান মনির খান। তিনি বলেন, ‘এটা শুধু গান নয়, মা ও সন্তানের হৃদয় নিংড়ানো আবেগ এ গানে উঠে এসেছে। গানটি শ্রোতাদের মাঝে ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করবে। হৃদয় ও মনকে সিক্ত করে তুলবে।’ 

গানটির গীতিকার ও সুরকার এইচ এম নিপু বলেন, ‘মা ও অসুস্থ সন্তানই গানের মূল দুটি চরিত্র। মরণব্যাধিতে আক্রান্ত ছেলের শেষ ইচ্ছে পূরণের আকুতি রয়েছে গানটিতে। শ্রোতারা এ গানে মা ও সন্তানের ভালোবাসাকে খুঁজে পাবেন। 

এরই মধ্যে রেজা মাহমুদের পরিচালনায় নির্মিত হয়েছে ‘মা’ গানটির মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন শিশির, তাইফ, স্বপ্না ও ফাল্গুনীসহ অনেকে। ‘মা’ গানটি শিগগিরই এইচ এম নিপুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।