এবার বিএনপি নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস মেঘনার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন পর পরই বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দিচ্ছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। আওয়ামী লীগের পর এবার তার স্ট্যাটাসে উঠে এল বিএনপি প্রসঙ্গ। মেঘনার দাবি, বিএনপির মনোনয়ন নিয়ে কোথাও তদবির করেননি তিনি, বরং বিএনপিতে যোগ দেওয়াই তার ইচ্ছা ছিল এবং এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজেই ভয়েস বার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। 

সেই সঙ্গে তার স্ট্যাটাসে তিনি এক শ্রেণির সমর্থক-কর্মীদের বিএনপির আবর্জনা বলেও দাবি করেছেন। বুধবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন মেঘনা আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিএনপির নমিনেশন নিয়ে কোথাও তদবির করিনি, যোগ দেয়াই ইচ্ছা ছিল। নিজেই প্রধানমন্ত্রীকে ভয়েস মেসেজ দিয়েছি, আমাকে চুজ করেন না, শুধু গাইড করুন। ৫০০-১০০০ মানুষ আমার জন্য দলের হয়ে কাজ করতে রাজি।’ 

মেঘনা আরও দাবি করেন, মৎস্যজীবী প্রান্তিক মানুষের সংগঠনকে তিনি পুনরুজ্জীবিত করেছেন। তার ভাষ্য, প্রস্তাবিত কমিটিতে দলের সাবেক মহাসচিব নিজেই তার নাম স্বাক্ষর করেছেন। ২০২৩-২৪ সালের কোনো কাগজপত্র দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মেঘনা আলম বলেন, তিনি বিএনপির সমর্থক ছিলেন, আছেন এবং থাকবেন। 

তবে দলের সঙ্গে যুক্ত থাকার পরিচয় ব্যবহার করে যারা মাঠে বা অনলাইনে বিএনপির হয়ে কাজ করেন না, অথচ নিয়মিত দলের সমালোচনা করেন তাদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমন ব্যক্তিদের ‘বিএনপির আবর্জনা’ বলে মন্তব্য করেন মেঘনা।