লালবাগে বাসে আগুন দেওয়ার আগেই ধরা পড়লেন যুবক

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন শাওন।

বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে শাওনকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে তিনি জখম হন। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।