সন্ত্রাসী কাইল্লা ফারুক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জের ‘চিহ্নিত সন্ত্রাসী’ ফারুক ওরফে কাইল্লা ফারুককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে এসআরবি-২। এ সময় তার সহযোগী ইসমাইল হোসেন ডালিমকেও গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার কেরানীগঞ্জের কলাতিয়া থেকে ফারুক ও ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি চাপাতি জব্দ করা হয়েছে। পরে বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এসআরবি-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেন, ফারুকের বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, চ-ীপুর এলাকায় স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি এবং মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এ ছাড়া বসিলা ব্রিজ এলাকায় ছিনতাইয়ে জড়িত কিশোর-তরুণদের আশ্রয়-প্রশ্রয়, জোরপূর্বক জমি দখল করে বালু ভরাট এবং মাদক ব্যবসায়ীদের ‘গডফাদার’ হিসেবে সুরক্ষা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।