দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ৬ জন এবং হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৫ জন। হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ২২১ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ২১ দিনে ২৭ হাজার ৭৮১ জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৯৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃত ৬ জন রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের দুজন শিশু।
হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ জনই হাম উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকা ও সিলেটে দুজন করে এবং চট্টগ্রাম ও বরিশালে একজন করে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৩ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। বাকি ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।