ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী অন্তর সরকার ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে গুলি করে প্রায় ২০-২৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের হজরতপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর সরকার হজরতপুর বাজারে জুয়েলারির ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুপাতো ভাই রাজিব স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি কিছু দূর গেলে তিনটি মোটরসাইকেলে ৯ জন এবং একটি সিএনজি অটোরিকশায় আসা আরও কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা অন্তর ও রাজিবের পায়ে গুলিবর্ষণ করে। এরপর তারা স্বর্ণালঙ্কার ভর্তি বাক্সটি ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা ৫-৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্তর সরকার জানান, ছিনতাই হওয়া বাক্সটিতে প্রায় ২০-২৫ ভরি স্বর্ণালঙ্কার ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।