পরিবেশবান্ধব শিল্প ও প্রকল্পে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিফাইন্যান্স স্কিম ফর গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট)’ শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পরিবেশবান্ধব কারখানা ভবন নির্মাণ, গ্রিন ইন্ডাস্ট্রি এবং পরিবেশসম্মত শিল্প উদ্যোগে অর্থায়নের সুযোগ বাড়াতে এ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। স্কিমটির তহবিলের আকার ১ হাজার কোটি টাকা।
দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশল, ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (আইএনডিসি), বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে স্কিমটি গঠন করা হয়েছে।
এ স্কিমের মাধ্যমে গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং, গ্রিন ইন্ডাস্ট্রি ও পরিবেশবান্ধব শিল্প উদ্যোগে অর্থায়নের পরিসর বাড়বে। একই সঙ্গে পরিবেশবান্ধব বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করা, টেকসই উৎপাদনব্যবস্থার প্রসার এবং দায়িত্বশীল শিল্পায়নকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের ফলে রূপালী ব্যাংকের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প উদ্যোগে অর্থায়ন আরও সম্প্রসারিত হবে। এর ফলে যোগ্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো সহজতর অর্থায়নের সুযোগ পাওয়ার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রমও গতি পাবে বলে আশা করা হচ্ছে।