বাড়তি চাহিদা সামলাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে হাইডেলবার্গ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

বাজারে সিমেন্টের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। এ উদ্দেশ্যে বরিশালের অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস অলিম্পিক সিমেন্টকে সিমেন্ট উৎপাদনের জন্য প্রয়োজনীয় ক্লিংকার, কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করবে। এসব উপকরণ ব্যবহার করে অলিম্পিক সিমেন্ট হাইডেলবার্গের নির্ধারিত মান ও নির্দেশনা অনুসরণ করে সিমেন্ট উৎপাদন করবে। পরে উৎপাদিত সিমেন্ট হাইডেলবার্গের নিজস্ব ব্র্যান্ড নামে কোম্পানিটির বিপণন নেটওয়ার্কের মাধ্যমে বাজারজাত করা হবে। এ উৎপাদন কার্যক্রমের বিনিময়ে অলিম্পিক সিমেন্টকে অর্থ পরিশোধ করবে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, চুক্তিভিত্তিক এ উৎপাদন কার্যক্রমের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজারের বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব হবে। প্রাথমিকভাবে চুক্তিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ছয় মাস। তবে উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি (সাবেক হাইডেলবার্গ সিমেন্ট) পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। কোম্পানিটি স্ক্যান সিমেন্ট ও রুবি সিমেন্ট ব্র্যান্ড নামে দেশের বাজারে সিমেন্ট বিক্রি করে। নারায়ণগঞ্জের তারাবোতে প্রতিষ্ঠানটির প্রধান কারখানা অবস্থিত। এ ছাড়া চট্টগ্রামের হালিশহর ও মুন্সীগঞ্জের মুক্তারপুরেও কোম্পানিটির উৎপাদন কারখানা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত