ব্যাংকগুলোকে ‘প্রাইস ভেরিফিকেশন সেল’ গঠন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের ওপর নজরদারি জোরদার করতে আগামী ১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে অনুমোদিত সব ডিলার (এডি) ব্যাংককে নিজস্ব 'প্রাইস ভেরিফিকেশন সেল' (মূল্য যাচাইকরণ ইউনিট) গঠন এবং অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ (এফইপিডি-২) থেকে জারি করা এক সার্কুলার লেটারে আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাই করার জন্য ব্যাংকগুলোকে পৃথক অভ্যন্তরীণ ইউনিট প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন– মূলত, আমদানির সময় কোনো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দেখিয়ে অতিরিক্ত অর্থ বিদেশে পাঠানো, অর্থপাচার বা আমদানি ব্যয় ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলোকে আমদানি, রপ্তানি, সেবা ও অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে যাচাই করতে হবে। এজন্য নিজস্ব প্রাইস ভেরিফিকেশন সেল গঠনের পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিক ডেটাবেজ বা প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে’ –যোগ করেন তিনি।

এই সেল বা ইউনিটগুলো বাণিজ্যিক লেনদেনের মূল্য তদারকি করবে—যাতে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক দরে লেনদেন সম্পন্ন হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে অতিরিক্ত মূল্য নির্ধারণ ও অসংগতি রোধ করা যায়।

প্রক্রিয়াটি সহজতর করতে কেন্দ্রীয় ব্যাংক সব ডিলার ব্যাংককে অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্মের সদস্যপদ বা সাবস্ক্রিপশন নেওয়ার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে তাদের নিজস্ব পরিচালন চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ এই নির্দেশনায় গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলারের ধারাবাহিকতায় আমদানি ঋণপত্র (এলসি) খোলার আগে বা আমদানি কার্যক্রম শুরুর পূর্বেই আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারদর যাচাই করার বাধ্যবাধকতাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

নতুন এই নির্দেশনাবলি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। নির্ধারিত এই সময়সীমার আগেই পৃথক সেল গঠন এবং উপযুক্ত মূল্য যাচাইকরণ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন গ্রহণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সব এডি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ সর্বাধিক পঠিত