ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাকের নারীকর্মী নিহত

ফেনীর দাগনভূঞা জিরোপয়েন্টে কাভার্ডভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরলক্ষীগঞ্জ গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়দা আক্তার দাগনভূঞা ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়দা আক্তার সহকর্মী নুরুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি পেছন থেকে ছিটকে পড়ে যান। এ সময় কাভার্ড ভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, 'ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'