বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

বগুড়া জেলার শাজাহানপুরে বিপরীত লেনে ঢুকে পড়া একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনায় সাতজন আহত হন। এ তথ্য জানিয়েছেন বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী।

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ ফেরত  যাত্রীসহ সাত স্বজন মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল মারা যান।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আহত সাতজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত