মণিরামপুরে শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মশিয়ার রহমান মোড়ল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় স্থায়ী জলাবদ্ধতার কারণে উঁচু জমির পরিমাণ কমে যাওয়ায় বন্য প্রাণী, বিশেষ করে শিয়ালের উৎপাত বেড়েছে। মৃত মশিয়ার রহমানের একটি বাঁশঝাড় প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশে। ওই এলাকায় শিয়ালের উৎপাতের কারণে হাঁস-মুরগি পালন কঠিন হয়ে পড়েছিল। এ কারণে শিয়াল ঠেকাতে হাফিজুর রহমান বাঁশঝাড়ে তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন বলে স্থানীয়রা জানান।

মঙ্গলবার সকালে মশিয়ার রহমান বাঁশ কাটতে ওই ঝাড়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।