যশোরে জাল নথি তৈরির অভিযোগে আটক ৪

বিদেশ যেতে ইচ্ছুকদের টার্গেট করে বিভিন্ন দেশের পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য ব্যবহার করে তৈরি করা হতো নকল নথি, মিলেছে কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছেন এসআরবি-৬ যশোরের সদস্যরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চালানো এ অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।

এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে চক্রটি কথিত অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের টার্গেট করে চক্রটি বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাক করত। পরে এসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও ব্যক্তিগত তথ্য বসিয়ে জাল নথি তৈরি করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত