চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— চৌগাছা উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে মাহমুদুল হাসানকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। এরপর আবু হুরাইরাকেও পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত