গণঅভ‚্যত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজার আরজি জানিয়েছে প্রসিকিউশন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ যুক্তিতর্কের শুনানিকালে এ আরজি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। আজ প্রসিকিউশনপক্ষ এ মামলায় যুক্তিতর্ক শেষ করেছে।
আসামিপক্ষে যুক্তিতর্কের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
মামলার অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। হানিফসহ মামলার চার আসামি বিচারের শুরু থেকেই পলাতক।
প্রসিকিউটর তামিম সাংবাদিকদের বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলন দমনে আওয়ামী লীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। তিনি (মাহবুব উল আলম হানিফ) সরকারের অংশ হিসেবে এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এ সিদ্ধান্তটাকে ক্যারি আউট করেছিলেন, মেনে নিয়েছিলেন এবং সেটা তাদের অধীনস্থদের কাছে মাধ্যমে এটা বাস্তবায়ন করেছিলেন।’ তিনি বলেন, ‘প্রসিকিউশনের পক্ষ থেকে এ যুক্তিতর্ক আজকে (গতকাল) সমাপ্ত করা হয়েছে। যুক্তিতর্ক শেষে আমরা হানিফসহ চারজন আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি।’