মাসুদ উদ্দিন-মোজাফফরের বিষয়ে প্রতিবেদন দাখিল ২৪ জানুয়ারি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় পেয়েছে প্রসিকিউশন।

সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ২৪ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

দুই আসামির একজন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। চলতি বছরের ২৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রথমে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে মে মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এ মামলার অপর আসামি সাবেক মেজর মোজাফফর হোসেন। গত ১৫ জুলাই রাতে বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোজাফফরের সম্পৃক্ততার বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরে তদন্ত কর্মকর্তা কাজ শুরু করেন। তখন ‘ঝন্ডু’ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের সূত্র পাওয়া যায়। পরে তাঁরা জানতে পারেন, ওই ‘ঝন্ডু’ আর কেউ নন, তিনি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ের আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার সময় মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফরের মধ্যে একাধিকবার কথোপকথন হয়েছে। তার দাবি, বাংলাদেশে আত্মগোপনে থাকা মোজাফফরের সঙ্গে তৎকালীন সরকারের সংশ্লিষ্টতা ছিল। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নেও তিনি জড়িত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত