প্রধান বিচারপতির নির্দেশ

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা, এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার ও যৌক্তিক কারণ ব্যতিত নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম শেষ না করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। আজ সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 

এতে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হওয়াসহ এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিচারকার্য পরিচালনা করা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিত অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে সার্কুলার জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সুপ্রিম কোর্টের গোচরিভূত হয়েছে যে, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ/জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তাগণ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করছেন। অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের আগে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। এ ছাড়া অনেকে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না।

কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম সমাপ্ত করছেন। ফলে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাক্সিক্ষত গতিশীলতা আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা একান্ত আবশ্যক।

বিচার বিভাগের ভাবমূর্তি বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা ও বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তির স্বার্থে অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগ এবং নির্ধারিত সময়সূচি মোতাবেক বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার সংক্রান্ত আগে জারি করা সার্কুলারগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তারা যেন (ক) প্রতি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে নিজ কর্মস্থল ত্যাগ না করেন এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে বিলম্ব না করেন।

(খ) কর্ম দিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করাসহ এজলাস সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করেন এবং কোনো যৌক্তিক কারণ ব্যতিত নির্ধারিত সময়ের আগে এজলাসের বিচারিক কার্যক্রম সমাপ্ত না করেন সেই মর্মে সংশ্লিষ্ট সবাইকে পুনরায় নির্দেশ দেওয়া হলো।

এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘনের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত