আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১। আদালত অবমাননার অভিযোগের পর ট্রাইব্যুনালের তলবে আজ সোমবার হাজির হন ফুয়াদ। তিনি বলেন, এটি ছিল ‘স্লিপ অব টাং’। তিনি অনুতপ্ত।
শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুদারের নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল ফুয়াদকে সতর্ক করে অভিযোগের বিষয়টি নিস্পত্তি করেন। আদালতে ফুয়াদের পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের আহমেদ ভূঁইয়া। প্রসিকিউশনপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
এর আগে আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ফুয়াদকে হাজির হতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। অভিযোগ অনুযায়ী, ব্যারিস্টার ফুয়াদ দলের একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বলেন, ‘এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ এ বক্তব্য নজরে আসার পর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে ফুয়াদকে তলব করে স্বশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আজ সাংবাদিকদের বলেন, “উনি (ফুয়াদ) আজকে (গতকাল) স্বশরীরে ট্রাইব্যুনালে এসেছেন। ব্যাখ্যা প্রদান করেছেন। যে বক্তব্যের কারণে ট্রাইব্যুনাল তাকে নোটিশ করেছেন, সেই বক্তব্যের বিষয়ে তিনি বলেছেন, ট্রাইব্যুনালকে ইঙ্গিত করে তিনি বক্তব্য দেননি। এই বক্তব্যের কারণে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্থ হয়, এটা তিনি বলতে চাননি। উনি বলেছেন, এটি ছিল উনার ‘স্লিপ অব টাং’। তিনি অনুতপ্ত হয়েছেন। তিনি জুলাই অভ্যূত্থান ও ট্রাইব্যুনালের বিচারের পক্ষে।” প্রসিকিউটর বলেন, ‘ট্রাইব্যুনাল তার (ফুয়াদ) উদ্দেশ্যে বলেছেন, ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করে- এমন বক্তব্য তিনি যেন আর না দেন।’