কবিতা

শিবের বিরহ

বৎসর ঘুরে আসলো কি সেই ক্ষণ
এ শুভসকাল ঢাক বাজে শারদীয়
ঠিকাছে আচ্ছা, মোটে তো দশটা দিন
কেটে যাবে, তুমি ভালোভাবে পৌঁছিও।

সামলে রাখিও গণেশ কার্তিকেরে
যেন কাশফুল মাড়ায় না যেতে যেতে
শরৎ আকাশ পরেছে পীতাম্বর
মাটিও পিংলা সম্প্রতি চষা ক্ষেতে

দু পায়ের মলে বেঁধে নিয়ে নদীগণে
কোমল চরণ রাখিও দূর্বাদলে
তুমি তো মাতৃরূপেণ সংস্থিতা
অসুরকে দিও বড়জোর কান মলে

শ্রেণিমতে দিও স্নেহ ও আদর সবে
প্রণাম জানিও যারা আছে পূজনীয়
পুব বাংলার সিদ্ধিটা না কি ভালো
আসবার কালে পারলে কিছুটা নিও।

কৈলাশ আজ মেঘলাটে ঘোলা তবু
বৃষ্টিতে ব্লার হয় না বিষণ্ণতা
কড়িকাঠ গুণে গুজরান করি দিন
কবে যে আসবে আমার আলোকলতা!