সীতাকুণ্ডে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে মাইক্রোবাসের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার আনোয়ারা জুট মিলস গেট এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রোজি আক্তার (৬৫) ও তার মেয়ে নাজমা খাতুন (৪৫)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান জানান, বান্দরবানের লামায় থাকা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন রোজি আক্তার। পথে বাড়বকুণ্ডের আনোয়ারা গেট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে মাক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হন। পর স্থানীয় লোকজন ও পুলিশ   আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, দুর্ঘটনায় আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।