গজারিয়ায় মোটরবাইক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরবাইক দুর্ঘটনার এক স্কুল শিক্ষার্থী নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 
 
বুধবার (২১ অক্টোবর) বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে উপজেলাধীন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন কুমিল্লা মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। 
 
নিহত মোটর বাইক চালক আকরামুল ইসলাম রহি (১৮), কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন শিকদার এর ছেলে। তিনি সুন্দল আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত আবু বক্কর (২৫) এক'ই গ্রামের মতিন খান এর ছেলে। 
 
প্রত্যক্ষদর্শী মো. রনি জানান, আমরা বিকট শব্দ পেয়ে দেখতে পাই, দু'জন আরোহীসহ একটি মোটরসাইকেল ধুমরে মুচড়ে পরে আছে, আমরা তাদেরকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। 
 
নিহতের মামা সোহেল মিয়া জানান, আমার  ভাগিনা ২০২৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল, সে ২৭ অক্টোবর টেষ্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ সে সড়ক দুর্ঘটনায় নিহত, ছোট থাকতে বাবা মারা যাওয়ায়, বোন তার  ছেলেকে নিয়ে আমাদের বাসার থাকতেন আমি এখন বোনকে কি বুঝ দেব।
 
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ড. ফাহমিনা তাহসিন জানান, বিকাল ৩ টা ৫৫ মিনিটে দু’জন রোগী আসে। এর মধ্যে রুহি নামের একজনের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আবু বকর নামের অপর একজনের অবস্থা গুরতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 
 
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত