শখই কাল হলো, গোখরার কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামের ইকবাল হোসেন শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন ইকবাল। এ সময় সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত ইকবাল হোসেন (৪৫) ভুইয়াকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে, পেশায় কাঠমিস্ত্রি। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি পুষতে বারবার তিনি নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল।

তিনি জানান, এই দিন সকাল সাড়ে ১১টায় ইকবাল বাক্স খুলে সাপটিকে খাবার দিতে যান। খাবার রাখার সময় সাপটি তার ডান হাতে ছোবল মারে। এ সময় তার চিৎকারে স্বজনেরা সেখানে ছুটে আসেন। কিছুক্ষণ পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার বলেন, তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।