মুন্সীগঞ্জে বিছানার নিচে মিলল পুলিশের লুণ্ঠিত শটগানের কার্তুজ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে অভিযান চালিয়ে বসতঘরের শোবার বিছানার নিচ থেকে পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড কার্তুজসহ দুলাল গাজী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওই কার্তুজসহ তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তরুণ দুলাল একই গ্রামের আওলাদ গাজীর ছেলে।

এদিন রাত ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এ সময় বসতঘরের কক্ষে বিছানায় শুয়ে ছিলেন তাঁর ছেলে দুলাল। ওই বিছানা তল্লাশি করা হলে তোষকের নিচে শটগানের পাঁচটি কার্তুজ পাওয়া যায়। উদ্ধার করা ওই কার্তুজ ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।