সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরার অভিযোগে আট জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালান উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পদ্মায় ইলিশ ধরার সময় সমুদয় কারেন্ট জাল ও মা ইলিশসহ আট জেলেকে আটক করেন। পরে আটক জেলেদের কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। তিনি জানান, আটক জেলে প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।