ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়াতে আগ্রহী হাঙ্গেরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে হাঙ্গেরি। একই সঙ্গে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যন্ত প্রতি বছর ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রতিনিধি দলের সদস্য ড. ডায়ানা ডাচি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে সৌজন্যসাক্ষাতে ড. ডায়ানা ডাচি এ প্রস্তাব দেন।

এ সময় ১৪০টি বৃত্তির সুযোগের বিষয়ে ড. ডায়ানা ডাচি জানান, এসব বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৬০টিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে বলেন, বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, গবেষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ওয়েবিনার আয়োজনের মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি অনুষদ ও বিভাগ পর্যায়েও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এ বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে ড. ডায়ানা ডাচি বলেন, হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ স্থাপন ও সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে তিনি সংযোগকারী হিসেবে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে উভয়পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে হাঙ্গেরির প্রতিনিধি দলের সদস্য ও প্রো-ভাইস চ্যান্সেলের(শিক্ষা) সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে হাঙ্গেরির কনস্যুলেট অফিসের চিফ অব স্টাফ মো. সুলতানুল আরেফিন।