৩১ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার ফল, পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ করা হবে। এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল জানা যাবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করে প্রকাশ করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ কর্নারে ক্লিক করতে হবে। এরপর বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

ফলাফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আমজাদুল ইসলাম এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তালাসমা বানু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত