ময়মনসিংহে কাভার্ড ভ্যানচাপায় ২ বোন নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় আরবিয়া আক্তার ও রাবিয়া আক্তার নামের দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ জানায়, নিহতদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। বৃহস্পতিবার সকালে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তার দুই মেয়েও মায়ের সঙ্গে সঙ্গে যায়। তালদিঘী মডেল মসজিদের সামনে পৌঁছে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। পরে দুই বোন মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাশিদ জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।