সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই ভাই নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

সাতক্ষীরা আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের প্রাণহানি হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ধুলিহর ইউনিয়নের কালেরডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন ও খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন। মোয়াজ্জেম ও মাহিম দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, আশাশুনির ত্রিমোহনী থেকে ছেড়ে আসা খুলনা-ব-৮৫২ নম্বরের সাদি হাদি নামের একটি বাস সঙ্গে সাতক্ষীরা সদরের কালেরডাঙ্গা মোড়ে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটসাইকেল চালক ও আরোহী মারাত্মকভাবে আহত হয়। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে দু’জনে মারা যান।

এলাকাবাসীর খবরে পুলিশ বাসটি জব্দ করলেও বাস চালককে আটক করা যায়নি। পুলিশ আসার আগেই সটকে পড়েন বাস ড্রাইভার, কন্ড্রাক্টর ও হেল্পার।

সাতক্ষীরা সদর থানায় উিউটিরত পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত