উজিরপুরে সন্ধ্যা নদীতে উৎসবের ঢেউ

বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের নৌকা বাইচ এক ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসবে মেতে ছিলেন বরিশালের উজিরপুরবাসীরা। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উজিরপুর উপজেলার শিকারপুর এলাকার সন্ধ্যা নদীতে গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসবে মাতেন তারা।

যেখানে নদীর দুই পাশে প্রায় লক্ষাধিক দর্শক উল্লাস করে এবং মাঝিরা বৈঠা হাতে পাল্লা দিয়ে নৌকা চালায়। একই সঙ্গে কাঁসির আওয়াজ, বিভিন্ন রঙিন পোশাক পরা মাঝিদের গান-বাজনা ও জয়ধ্বনির মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছিল।  

বিকেল ৪টার দিকে সন্ধ্যা নদীর শিকারপুর বন্দর এলাকা থেকে নৌকা বাইচের উদ্বোধন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। নৌকা বাইচে বিভিন্ন নামের সুবিশাল আটটি নৌকা অংশ নেয়।

গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া এক সময়ের চিরচেনা নৌকাবাইচের আয়োজক ও পুরো অনুষ্ঠানের পরিকল্পনাকারী উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, এই উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয় বরং এটি গ্রামীণ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে নতুন প্রাণ সঞ্চায় করেছে। পাশাপাশি নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মাঝে প্রাণ ফিরে এসেছে।

তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করে যুবসমাজকে মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে সুস্থধারার এমন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। আমরা প্রতিবছর এমন আয়োজন করার উদ্যোগ নেব। আশা করছি অন্য এলাকার মানুষও এটা দেখে অনুপ্রাণিত হবেন।

উজিরপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো নৌকাবাইচ অনুষ্ঠানটি আয়াজনে আর্থিক সহযোগিতা করে। এ ছাড়া নৌকাবাইচ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি ও আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।