বরিশাল জেলার উজিরপুরে যুবদল নেতা কাওসার হাওলাদার হত্যা মামলার দুই আসামির বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ ঘটনা ঘটে।
আগুন দেওয়া বাড়ি দুটি হলো আলামদী গ্রামের খালপাড় বড় ব্রিজসংলগ্ন এলাকায় হত্যা মামলার এক নম্বর আসামি সজল মোল্লার বাড়ি এবং ভরচ্ছন্ন এলাকার নান্না মোল্লার বাড়ি।
স্থানীয় বাসিন্দা কামাল হাওলাদার জানান, বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। একটি টিনের ঘরে আগুন দেওয়া হয়েছিল। সেখানে ফায়ার সার্ভিসের যাওয়ার সুযোগ নেই। ঘরটি পুড়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আরও একটি ঘরে আগুন দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। কাওসার হত্যা মামলার আসামিদের বাড়িতেই এ ঘটনা ঘটেছে। সম্ভবত সন্ধ্যার পর আগুন দেওয়া হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করা যায়নি।
শনিবার এশার নামাজের পর জানাজা শেষে কাওসারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলা এলাকায় কাওসার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ওই রাতেই প্রযুক্তির সহায়তায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ।