উজিরপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি। আত্মগোপনে থাকা অবস্থায় মামলার এজাহার রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার। তিনি জানান, উজিরপুর মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ এর সহযোগিতা চায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এর ওপর ভিত্তি করে রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করে এসআরবি-৮ এর একটি চৌকস দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী জাকির হোসেন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে ওই কিশোরীকে বাড়ির পাশের ডোবার পাড়ের নির্জন স্থানে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে জাকির। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর আসামি জাকির হোসেনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত