অপপ্রচার সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি

মিথ্যা, গুজব, অপবাদ ও অপপ্রচার ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। সত্যতা যাচাই না করে যে কোনো সংবাদ প্রচার করা, মানুষের সম্মানহানি করা এবং পরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করা মারাত্মক গুনাহের কাজ। ব্যক্তিগত স্বার্থ, লোভ-লালসা, হিংসা-প্রতিহিংসা কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা সংবাদ ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা তা যাচাই করে নাও।’ (সুরা হুজুরাত ৬)

মিথ্যা প্রচার ও অন্যের সম্মানহানির বিরুদ্ধে কঠোর সতর্কবাণী দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি বলেছেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই প্রচার করে।’ (সহিহ মুসলিম) তিনি আরও বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (সহিহ বুখারি)

পরিবারে মিথ্যা অপবাদ ছড়ালে স্বামী-স্ত্রী, ভাই-বোন ও আত্মীয়স্বজনের মধ্যে অবিশ্বাস ও সম্পর্কের অবনতি ঘটে। সমাজে গুজব ও অপপ্রচার ছড়ালে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। বিশেষ করে শিল্পকারখানায় শ্রমিক-মালিকের মধ্যে মিথ্যা তথ্য ও উসকানিমূলক প্রচারণা ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করলে কর্মপরিবেশ বিনষ্ট হয়, উৎপাদন ব্যাহত হয় এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বক্তৃতার মঞ্চ, সামাজিক অনুষ্ঠান, অফিস-আদালত কিংবা সামাজিক মাধ্যমের কোথাও যেন মিথ্যা অপবাদ ও ব্যক্তিগত সম্মানহানির চর্চা না হয়। এ ক্ষেত্রে সবাইকে সর্তক থাকতে হবে।

ইসলাম মানুষকে সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, ষড়যন্ত্র করা কিংবা গুজব ছড়িয়ে মানুষের অধিকার ও সম্মান নষ্ট করার পরিণতি ভালো নয়। দুনিয়াতে এর ফলভোগ করতে হবে। আখেরাতেও এসব অন্যায়ের জন্য মহান আল্লাহর কাছে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।

তাই আসুন, মিথ্যা নয় সত্যের পক্ষে দাঁড়াই, অপবাদ নয় সম্মান করি, গুজব নয় সত্যতা যাচাই করি। পরিবার, সমাজ ও শিল্পকারখানায় শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করি।

লেখক : ধর্মীয় নিবন্ধকার