আল্লাহর পাকড়াও থেকে বাঁচার দোয়া

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ এএম

সবসময় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মুমিনের গুণ। পবিত্র কোরআনের সুরা বাকারার শেষ আয়াতে আল্লাহর ক্ষমা, রহমত ও সাহায্য লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখানো হয়েছে।

দোয়াটি হলো, ‘রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতা’না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাজিনা মিন কাবলিনা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা-লা ত-কাতা লানা বিহি। ও’ফু আন্না, ওগফির লানা, ওরহামনা, আনতা মাওলানা, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।’

অর্থাৎ হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হে আমাদের রব! আমাদের ওপর এমন বোঝা চাপাবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সুরা বাকারা ২৮৬)

এই দোয়ায় আল্লাহর কাছে বান্দার অসহায়ত্ব, ক্ষমা প্রার্থনা এবং তার রহমতের আকুতি প্রকাশ পেয়েছে। এতে প্রথমে অনিচ্ছাকৃত ভুল ও বিস্মৃতির কারণে পাকড়াও না করার আবেদন জানানো হয়েছে। এরপর কঠিন দায়িত্ব ও অসহনীয় বোঝা থেকে মুক্তি চাওয়া হয়েছে। একই সঙ্গে পাপ মোচন, ক্ষমা ও রহমত প্রার্থনা করা হয়েছে।

দোয়াটির শেষাংশে আল্লাহর সাহায্য কামনা করা হয়েছে। এটি মুমিনকে স্মরণ করিয়ে দেয়, বিপদাপদে এবং সব ধরনের প্রতিকূলতায় একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত