সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কমিটি বিলুপ্ত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। 

তবে আরেক সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা না আসায় অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন। 

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিনের জনস্বার্থবিরোধী সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ এবং খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধকে কেন্দ্র করে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ইউপিডিএফের দলীয় স্বার্থে গঠিত হয়েছে। এসব সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাকে ব্যবহার করা হয়েছে। এমনকি তার অজ্ঞাতসারেও বিভিন্ন সময়ে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ইউপিডিএফের দলীয় কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেওয়া হতো। বিশেষ করে চলমান অবরোধের পক্ষে সাধারণ মানুষকে মাঠে নামানোর প্রবণতা তাকে উদ্বিগ্ন করেছে।

নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকারের পক্ষে কাজ করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালনের সুযোগ না থাকায় তাকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে। ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে তিনি আনুষ্ঠানিকভাবে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত এবং তার পক্ষ থেকে ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, তার এ অবস্থান সাময়িক আবেগের বহিঃপ্রকাশ নয়; বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিবেকের সিদ্ধান্ত। জীবনের ঝুঁকি থাকলেও সাজেকের মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য সত্য প্রকাশ ও ন্যায়সংগত অবস্থান থেকে পিছিয়ে যাবেন না তিনি।

এদিকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। এ বিষয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। সংগঠনটির ফেসবুক পেজেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অবরোধ চলছে। এর ফলে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। একপক্ষের অবরোধ প্রত্যাহারের ঘোষণার পরও অন্য সংগঠনের অবস্থান স্পষ্ট না হওয়ায় সাজেকের স্বাভাবিক যোগাযোগ ও জনজীবন কবে নাগাদ স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।