সারের ডিলার নিয়ে সংসদে হট্টগোল

সারা দেশে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং  অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে। বিরোধী দলীয় সদস্যরা ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনঃপর্যালোচনা করার দাবি জানান। তবে সরকারি দলের পক্ষ থেকে এ অভিযোগকে অসত্য অভিহিত করে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির সুপারিশ অনুসরণ করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বুধবার কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় বিরোধীদলের সদস্যরা রীতিমতো হট্টগোল করেন। এ সময় ডেপুটি স্পিকার সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’

বিরোধীদলের সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ। তিনি সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা দেওয়া এবং বিভিন্ন এলাকায় অনিয়মের অভিযোগ তুলে ধরেন। কয়েকটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম উল্লেখ করে তিনি বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা ঘটনার সঙ্গে সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে দাবি করে হাসনাত বলেন, সেখানে একজন সংসদ সদস্যের সন্তান ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা ডিলারশিপ পাওয়ার সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসা করতেন, তাদের সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো নিয়ম করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ডিলার নিয়োগের অনিয়ম সুপরিকল্পিত কি না এবং পুরো নিয়োগ প্রক্রিয়া আবার পর্যালোচনা করা হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)। আবেদন আহ্বানের পর সেগুলো উপজেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। জেলা কমিটি পর্যালোচনা করে তিনজনের নাম অগ্রাধিকারক্রমে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে। কোনো একজনের একক স্বাক্ষরে ডিলার নিয়োগের সুযোগ নেই।

মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে বিরোধীদলের সদস্যরা হইচই শুরু করলে ডেপুটি স্পিকার বলেন, ‘তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব পছন্দ না হলে পরবর্তী সময়ে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে।’ ডেপুটি স্পিকার বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। তিনি বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার রয়েছে। সবাইকে ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার অনুরোধ জানান তিনি।

প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের বক্তব্য সঠিক নয় দাবি করে বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দিতে পারেন। প্রয়োজনে লিখিতভাবেও অভিযোগ জানাতে পারেন। কিন্তু প্রমাণ ছাড়া সংসদে এ ধরনের অসত্য ও অসংসদীয় বক্তব্য দেওয়া উচিত নয়। অভিযোগটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

১৭ হাজার কোটি টাকা ভর্তুকি সারে বিরোধীদলের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, সারে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। আর কৃষকদের সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিক্রয় কার্যক্রম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু রয়েছে। তিনি জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সার পরিস্থিতি পর্যবেক্ষণে দুজন যুগ্ম সচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের কমিটি কাজ করছে। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ তৈরি এবং ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্য কৃষি উপকরণ সরবরাহে ‘কৃষক কার্ড’ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।