হাইকোর্টের রুল

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিংয়ের বৈধতা প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালকের করা প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন হওয়ায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। পাশাপাশি কোনো অনুসন্ধান বা তদন্ত চলমান অবস্থায়, সে বিষয়ে কোনো ধরনের প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।

আসিফ মাহমুদের করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। উপদেষ্টা থাকাকালে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর দুদকের ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে গত সেপ্টেম্বরে এ রিট আবেদনটি করেন তিনি।

আবেদনে বলা হয়, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদেকর দুটি প্রেস ব্রিফিংয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে জানানো হয়। দুদকের এই ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়। গত ৪ নভেম্বর শুনানি শেষে আদেশের জন্য ১১ নভেম্বর (গতকাল) দিন ধার্য করে হাইকোর্ট।

আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু। সঙ্গে ছিলেন আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত