কারিগরি শিক্ষায় অর্থনৈতিক মুক্তি

মানবজীবনের সর্বাঙ্গীণ কল্যাণ, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক মুক্তির এক শাশ্বত জীবনব্যবস্থার নাম ইসলাম। ইসলাম মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য কর্মমুখী ও প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব প্রদান করেছে। আধুনিক যুগে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলাম বহু শতাব্দী আগেই কর্মমুখী শিক্ষা, শ্রমের মর্যাদা এবং পেশাগত দক্ষতার বুনিয়াদ স্থাপন করেছে।

জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। তবে ইসলাম কেবল পুঁথিগত বা তাত্ত্বিক বিদ্যার মধ্যে জ্ঞানকে সীমাবদ্ধ রাখেনি, বরং এমন শিক্ষার তাগিদ দিয়েছে, যা মানবজাতি ও সমাজের উপকারে আসে।

ইসলামে শ্রম ও কারিগরি দক্ষতার শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় নবী-রাসুলদের জীবনে। তারা প্রত্যেকেই নিজ হাতে কোনো না কোনো পেশা বা কারিগরি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আদম (আ.) কৃষিকাজ ও মৃত্তিকা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ইদ্রিস (আ.) প্রথম দর্জির কাজ বা কাপড় সেলাইয়ের পেশা শুরু করেন। দাউদ (আ.) লোহা গলিয়ে যুদ্ধাস্ত্র ও বর্ম তৈরি করতেন।

আমাদের নবী মুহাম্মদ (সা.) শৈশবে মেষ চরিয়েছেন এবং পরে একজন সফল ব্যবসায়ী ও কুটিরশিল্পের পৃষ্ঠপোষক হিসেবে জীবন অতিবাহিত করেছেন।

সাহাবিদের মধ্যে আবু বকর (রা.) কাপড় ব্যবসায়ী, ওমর (রা.) ব্যবসায়ী এবং ওসমান (রা.) কাপড় ও খাদ্যপণ্যের বড় ব্যবসায়ী ছিলেন। মদিনার আনসার সাহাবিরা কৃষিকাজে অত্যন্ত দক্ষ ছিলেন। এ থেকে প্রতীয়মান হয়, ইসলামে শারীরিক শ্রম এবং কারিগরি দক্ষতাসম্পন্ন পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ।

ইসলাম বেকারত্ব এবং অলসতাকে তীব্রভাবে ঘৃণা করে। হাত পেতে ভিক্ষা করার চেয়ে নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করাকে ইসলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কারও পক্ষে রশির সাহায্যে পিঠে কাঠের বোঝা বয়ে এনে তা বিক্রি করা এবং এর মাধ্যমে নিজের মান রক্ষা করা, কোনো মানুষের কাছে হাত পাতার চেয়ে অনেক উত্তম।’ (সহিহ বুখারি)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায় না।’ (সহিহ বুখারি) কারিগরি শিক্ষার মাধ্যমে একজন মানুষ বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জন করে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের কর্মসংস্থান নিজে করতে পারে, যা হালাল উপার্জনের পথকে সুগম করে।

একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্থায়িত্বের মূলে রয়েছে দক্ষ মানবসম্পদ। ইসলাম চায় তার অনুসারীরা সমাজে বোঝা না হয়ে সম্পদে পরিণত হোক। কারিগরি শিক্ষার প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি করা। ইসলাম সমাজের প্রতিটি সক্ষম ব্যক্তিকে কর্মক্ষম দেখতে চায়।

একটি জাতিকে আত্মনির্ভরশীল হতে হলে প্রযুক্তি ও কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। সমকালীন যুগে অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করতেও কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম।

লেখক : শিক্ষক ও ধর্মীয় নিবন্ধকার