ফিলিস্তিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ভূখণ্ড। এর সঙ্গে জড়িয়ে আছে বহু নবী-রাসুলের স্মৃতি। এখানেই অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদে আকসা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইসরা ও মেরাজের স্মৃতিও জড়িয়ে আছে এই পবিত্র স্থানের সঙ্গে। তাই ফিলিস্তিনের প্রতি বিশ্বের মুসলমানদের রয়েছে গভীর ভালোবাসা ও আবেগ। কিন্তু দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা ও নিরাপত্তা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত তাদের জীবন, ঘরবাড়ি ও স্বপ্ন ধ্বংস হচ্ছে। গাজা ও পশ্চিম তীরের মানুষের কান্না ছুঁয়ে যাচ্ছে বিশ্বের বিবেকবান মানুষকে। ফিলিস্তিনের মানুষের মুক্তি আজ সমগ্র মুসলিম উম্মাহর প্রত্যাশা।
পবিত্র এই ভূমির মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষ করে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বিপর্যস্ত হয়েছে জনজীবন। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে। বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও সহিংসতা থামেনি। গত ১১ নভেম্বরও গাজায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
যুদ্ধবিরতির পরও গাজার স্বাস্থ্য কর্র্তৃপক্ষের হিসাবে ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের তাঁবু ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকটও অব্যাহত রয়েছে।
পশ্চিম তীরের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে সাধারণ মানুষের ভূমি দখল, বাড়িঘর উচ্ছেদ এবং বসতি স্থাপনকারীদের হামলা অব্যাহত রয়েছে। পবিত্র মসজিদে আকসায় প্রবেশের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ২০২৬ সালের অক্টোবরের শেষ দিকে জেরুজালেমের বিশিষ্ট ধর্মীয় নেতা ও সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরিমা সাবরির ওপর মসজিদে আকসায় প্রবেশের নিষেধাজ্ঞা বাড়ানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি মসজিদে আকসায় প্রবেশ করতে পারবেন না। এ নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার চর্চার ক্ষেত্রে নতুন বাধা তৈরি করছে।
এ অবস্থায় মুসলিম বিশ্বের দায়িত্ব অনেক বেশি। বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ইসলামি সহযোগিতা সংস্থা রয়েছে। আরব ও মুসলিম দেশগুলো বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের জন্য খাদ্য, ওষুধ ও অন্য মানবিক সহায়তা পাঠিয়েছে। মিসর ও জর্ডান স্থলপথে ত্রাণ পাঠিয়েছে। সৌদি আরব ও কাতারও মানবিক সহায়তা দিয়েছে। কাতার, মিসর ও তুরস্ক যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। অর্থাৎ মুসলিম দেশগুলোর উদ্যোগ একেবারেই ছিল না, এমন নয়। তবে ফিলিস্তিনিদের নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য যে মাত্রার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন ছিল, তা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।
বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে আরও দৃঢ় সমন্বয় প্রয়োজন। কেবল সম্মেলন, নিন্দা ও বিবৃতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আন্তর্জাতিক কূটনীতিতে সম্মিলিত অবস্থান নিতে হবে। মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে হবে। দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি উদ্যোগ জোরদার করতে হবে। মুসলিম দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা একযোগে কাজে লাগানো গেলে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার আন্তর্জাতিক চাপ আরও শক্তিশালী হতে পারে।
এ প্রসঙ্গে গত ৪ নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ইসলামি সহযোগিতা সংস্থা, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠক করেন। যৌথ বিবৃতিতে তারা ফিলিস্তিনের স্বাধীনতা, গাজা থেকে অবরোধ প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে এগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে।
ইসলাম মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার শিক্ষা দেয়। মহানবী (সা.) বলেছেন, ‘মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন পুরো দেহ জ¦র ও অনিদ্রায় আক্রান্ত হয়।’ (সহিহ মুসলিম) এই হাদিস মুসলিম উম্মাহর পারস্পরিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে।
লেখক : শিক্ষক ও ইসলামি গবেষক