আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যাসংক্রান্ত মামলায় দেশের ইতিহাসে দ্রুততম রায় হয়েছিল ঢাকার অধস্তন আদালতে। এর ধারাবাহিকতায় উচ্চ আদালতেও দ্রুততম সময়ে নৃশংস এ হত্যা মামলার রায় হয়েছে গতকাল মঙ্গলবার। তাতে প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ সাজা বহাল রয়েছে। একই মামলার আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়।
গত ১৩ আগস্ট মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে। দেশজুড়ে আলোচিত এ ঘটনার প্রায় ৬ মাস এবং অধস্তন আদালতের রায়ের ৫ মাস পর উচ্চ আদালতে মাত্র একদিন শুনানি শেষে এ রায় হলো। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল রায়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, হাইকোর্টে মাত্র ৪ মাস ১০ দিনে আপিল নিষ্পত্তির এটি একটি রেকর্ড।
হাইকোর্টে হাজির হয়ে রায় শুনতে আসেন নৃশংস খুনের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি সোহেলের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করলেও স্বপ্নার খালাসের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেবেন বলে জানান।
স্বপ্নার খালাসের যুক্তিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণের বরাত দিয়ে বলেন, ‘কোনো একটা ধর্ষণ কাজে কোনো একজন নারীর তার স্বামীকে সহযোগিতা করার সুযোগ নেই। মূল যে অপরাধ ধর্ষণ এবং হত্যা তাতে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষে আরও শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
অধস্তন আদালতে কোনো আসামির ফাঁসির রায় হলে তা নিশ্চিত করতে হাইকোর্টে ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) শুনানি ও আদেশ লাগে। হাইকোর্টে মৃত্যুদন্ড বহাল থাকলে সংশ্লিষ্ট আসামি ফৌজদারি আইনের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ পান। সে ক্ষেত্রে নিয়মিত আপিল করার মতো আর্থিক সামর্থ্য না থাকলে আসামির পক্ষে জেল আপিলের সুযোগ রয়েছে। দন্ডপ্রাপ্ত সোহেল রানা এখন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের সুযোগ পাবেন বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
হাইকোর্টে সোহেলের পক্ষে শুনানিকারী রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান দেশ রূপান্তরকে বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা আপিলের সুযোগ পাবেন। কোনো কারণে তার নিয়মিত আপিলের সামর্থ্য না থাকলেও জেল আপিল হবে, যেটি হাইকোর্টেও হয়েছে। এ আইনজীবী বলেন, ‘যেহেতু সর্বোচ্চ সাজার আসামি, তাই তার পক্ষে অবশ্যই শুনানি এবং আইনজীবী থাকতে হবে। আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা কার্যকর করা যাবে না।’
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দেশ রূপান্তরের প্রশ্নের জবাবে বলেন, মামলাটি আপিল বিভাগেও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
পর্যবেক্ষণে যা বলেছে হাইকোর্ট : সোহেল-স্বপ্নার রায়ের পর্যবেক্ষণে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী বলেন, ‘আসামি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকা-ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে এ হত্যাকা-ে নিজের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কথা তিনি বলেননি। শুধু বলেছেন, তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।’
রায়ে বলা হয়, ‘সোহেল রানা অপরাধটি করেননি এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই। অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক পন্থায় সংঘটিত। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। তাই তার (সোহেল রানা) মৃত্যুদন্ড কমানোর কোনো কারণ আদালত দেখেনি। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদন্ডই যথাযথ শাস্তি বলে মনে করে আদালত।’
স্বপ্নার খালাসের যুক্তিতে হাইকোর্ট বলে, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন এমন কোনো বক্তব্য নেই। অন্য সাক্ষীর মাধ্যমেও স্বপ্না আক্তারের ‘কার্যকরী’ কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। স্বপ্না খাতুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে খালাসের রায়ে হাইকোর্ট বলে, অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইজাজ কবির দেশ রূপান্তরকে বলেন, এ মামলায় একদিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণকে হাইকোর্ট অস্বাভাবিক বলেছে। তবে হাইকোর্ট এটিও বলেছে, বিচারক হয়তো দ্রুত বিচার শেষ করার বিষয়ে পারদর্শী ছিলেন। ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্বাভাবিক বললেও হাইকোর্ট বলে, এ মামলায় ন্যায়বিচারের ব্যত্যয় হয়নি।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক শিশুদের নৃশংস ও অমানবিকভাবে হত্যার মতো ঘটনার মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তবে তাড়াহুড়ো করে বিচার করতে গেলে ন্যায়বিচার ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। তাই এ ধরনের মামলার বিচার যুক্তিসংগত সময়ের মধ্যে শেষ করতে হবে, কিন্তু তাড়াহুড়ো করে নয়।’
যা ঘটেছিল শিশু রামিসার সঙ্গে : মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেন। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার বাবা-মা। এক পর্যায়ে আসামির কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান।
সোহেল রানা ছোট্ট রামিসাকে ধর্ষণ করেই ক্ষান্ত হননি। সোহেল তাকে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করেন। এরপর দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২৪ মে সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে এবং ১৭ জনকে সাক্ষী তালিকায় রেখে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত ১ জুন সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। অধস্তন আদালতে গত ২ জুন একদিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর ৩ ও ৪ জুন যুক্তিতর্কের শুনানি নিয়ে রায়ের তারিখ ধার্য করা হয়।