রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মধ্য দিয়ে এই নবযাত্রার শুভ সূচনা হয়। এটি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এর ফলে পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। তবে কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে আরও অন্তত ১০ মাস লাগবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। বর্তমানে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থিতিশীল রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা শেষে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।
ভিভিইআর ১২০০ মডেলের কেন্দ্রটি নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। তবে এর আগে কেন্দ্রটির ঋণ চুক্তি, সাইট নির্বাচন, নকশা প্রণয়নসহ নানা কাজে অন্তত ৫ বছর ব্যয় হয়। অতিমারি করোনার থাবা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রূপপুরের উৎপাদন আরও ৫ বছর পিছিয়ে যায়। কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সাল। ডলারের দাম বৃদ্ধিতে এজন্য কেন্দ্রটির নির্মাণ ব্যয়ও বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, একবার বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কেন্দ্রটি টানা ১৮ থেকে ২৪ মাস বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি ৮৫ থেকে ৯০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি থেকে টানা ৬০ বছর বিদ্যুৎ পাওয়া যাবে। সংস্কার করে কেন্দ্রটির আয়ুষ্কাল আরও ২০ বছর বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ, একবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে টানা ৮০ বছর বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
অন্যদিকে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানির কেন্দ্র চলে ২০ বছর। এসব কেন্দ্র সংস্কার করে আরও ৫ বছর চালানো যায়।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সাশ্রয়ী জ্বালানি ব্যয়। কয়লা ও গ্যাস থেকেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির ব্যয় কম। একই সঙ্গে জ্বালানি পরিবহনও সহজ। প্রতিদিন কেন্দ্রে জ্বালানির জোগান দিতে হয় না। কেন্দ্রটি টানা ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত চলার পর জ্বালানি রিলোডিং বা পুনঃভরণ করতে হয়।
কেন্দ্রটির জ্বালানি সরবরাহের জন্য ২০১৯ সালের চুক্তি করা হয়। এতে বলা হয়, একবার জ্বালানি সরবরাহের জন্য ৬২ মিলিয়ন ডলার প্রয়োজন হবে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে ৭৬২ কোটি ৬০ লাখ টাকার প্রয়োজন হবে। অন্যদিকে সবচেয়ে সস্তা জ্বালানি কয়লাতে এখন শুধুমাত্র জ্বালানি ব্যয় হচ্ছে প্রতি কিলোওয়াট আওয়ার ৮ টাকা। তুলনামূলক হিসাবে দেখা যায়, রূপপুর যদি ৮৫ ভাগ প্ল্যান্ট ফ্যাক্টরে চলে এবং রিঅ্যাক্টরের জ্বালানি চক্র সর্বনিম্ন ১৮ মাস হয় তাহলেও মোট ৮ দশমিক ৯৩ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। সেজন্য শুধু জ্বালানি বাবদ ব্যয় হবে ৭৬২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে সমপরিমাণ বিদ্যুৎ কয়লা দিয়ে উৎপাদনে ৭ হাজার ১৪৪ কোটি টাকার জ্বালানি প্রয়োজন হবে। এর সঙ্গে কয়লা পরিবহনের সব জটিলতা মোকাবিলা করতে হবে। আমদানি করা এলএনজি দিয়ে কেন্দ্র চালাতে আরও বেশি ব্যয় হওয়ার কথা।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। বিএইআরএর অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রাশান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক সরবরাহ সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিশন পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুরের প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের জন্য চূড়ান্ত অনুমোদন পায়। এ পর্যায়ে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা পরীক্ষা করা হয়। নির্ধারিত পর্যায়ে তাপশক্তি অর্জনের পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। সেই বাষ্পের শক্তিতে টারবাইন ঘোরে এবং এর সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। পরবর্তী সময়ে গ্রিড সংযোগের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়াই চূড়ান্তভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু নয়, মূলত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা। প্রথমবার বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের মাধ্যমে এর কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ ঐতিহাসিক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকেই নানা সময়ে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর অগ্রগতি শুরু হয় ২০০৯ সালে। ওই বছর পারমাণবিক শক্তিকে জাতীয় টেকসই উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে রাশিয়ার সঙ্গে আন্তঃসরকারি ঋণচুক্তি আইজিসিএ স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পে আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হয়। এরপর ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সাইট নির্বাচন, পরিবেশগত প্রভাব সমীক্ষা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুপারিশ বাস্তবায়নসহ প্রাক্-প্রকল্প কার্যক্রম চলে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রস্তুতিমূলক পর্যায়ে সম্ভাব্যতা যাচাই, প্রযুক্তি নির্বাচন, নকশা প্রণয়ন, অবকাঠামো নির্মাণ ও ডিপ মিক্সিং প্রযুক্তিতে ভূমি স্থিতিশীল করার কাজ করা হয়।
এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার জেএসসি এটমস্ট্রয়এক্সপোর্টের সঙ্গে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ চুল্লি নির্মাণে সাধারণ চুক্তি স্বাক্ষর করে। প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের এ প্রকল্পের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল কার্যক্রম শুরু হয়। চুক্তি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। একই সঙ্গে পারমাণবিক বর্জ্যও রাশিয়া নিজেদের দেশে নিয়ে যাবে। কেন্দ্রটি প্রাথমিকভাবে পরিচালনা করবে রাশিয়া। তবে কেন্দ্র পরিচালনার মতো দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ দেবে তারা।