জলবায়ু তহবিলের রোডম্যাপ নাকি প্রতিশ্রুতির রাজনীতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ এএম

অর্থায়ন, জলবায়ু ন্যায়বিচার ও অভিযোজনের প্রতিশ্রুতি ঘিরে কূটনৈতিক টানাপড়েন রয়ে গেছে। সম্মেলনের শেষপর্যায়ে জলবায়ু তহবিলের নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা চলছে। তবে কার্বন নিঃসরণের জন্য দায়ী ধনী দেশগুলোর আশ্বাস আর বাস্তব সহায়তার ফারাক নিয়ে প্রশ্ন উঠেছে। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের পর্দা নামার সময় যত ঘনিয়ে আসছে, ততই সামনে আসছে বৈশ্বিক জলবায়ু রাজনীতির পুরনো সংকট। একদিকে নতুন রোডম্যাপ, অর্থায়নের প্রতিশ্রুতি, কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষার আশ্বাস; অন্যদিকে বাস্তবায়নের অনিশ্চয়তা, অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আস্থার ঘাটতি।

সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, প্রতি বছরই জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ) ঘিরে তৈরি হয় উত্তেজনা, নির্ধারিত হয় নতুন রোডম্যাপ, আর শোনা যায় ধনী দেশগুলোর চটকদার সব প্রতিশ্রুতির ফুলঝুরি। কিন্তু পর্দার আড়ালে থাকা বাস্তবতা ভিন্ন। প্যারিস চুক্তি থেকে শুরু করে সাম্প্রতিক জলবায়ু সম্মেলনগুলোর শেষ মুহূর্তের রুদ্ধদ্বার বৈঠক সবখানেই স্পষ্ট হয়ে উঠছে ‘প্রতিশ্রুতির রাজনীতি’। এ কূটনৈতিক টানাপড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো, যারা বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য কম দায়ী হয়েও জলবায়ু বিপর্যয়ের প্রথম সারির ভুক্তভোগী। ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যে, ২০২০ সাল থেকে তারা উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ হয়নি। সম্প্রতি এ তহবিলের লক্ষ্যমাত্রা বাড়িয়ে নতুন রোডম্যাপ তৈরির কথা বলা হচ্ছে, যেখানে ট্রিলিয়ন ডলারের হিসাব কষা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই বিশাল অঙ্কের প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে আছে সুক্ষ্ম রাজনৈতিক কৌশল ও সহায়তা’ হিসেবে দেখাচ্ছে, তার একটি বড় অংশই শুভঙ্করের ফাঁকি। উন্নত দেশগুলো যে অর্থকে ‘জলবায়ু সহায়তা’ হিসেবে দেখাচ্ছে, তার একটি বড় অংশই চড়া সুদের ঋণ। এর মাধ্যমে বিধ্বস্ত দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ও জলবায়ু গবেষকদের তথ্যমতে, জলবায়ু অর্থায়নের প্রায় ৭০ শতাংশই আসছে ঋণ আকারে।

আস্থা হারাচ্ছে ক্ষতিগ্রস্ত বিশ্ব : ক্ষতিগ্রস্ত ও দরিদ্র দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে এখন আর কেবল আকুতি নয়, বরং তীব্র ক্ষোভ ও অবিশ্বাস। এর কারণ গত তিন দশকের অঙ্গীকার ভঙ্গের দীর্ঘ ইতিহাস। কিয়োটো প্রোটোকল থেকে প্যারিস চুক্তি এবং পরবর্তী সময়ে গ্লাসগো, শারম আল-শেখ কিংবা বাকু সম্মেলন প্রতিবারই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আশ্বস্ত করা হয়েছে যে, তাদের অস্তিত্ব রক্ষায় বিশ্ব সম্প্রদায় একতাবদ্ধ। কিন্তু ধনী দেশগুলো সেই প্রতিশ্রুতি রাখেনি। বিশেষ করে ‘ক্ষয়ক্ষতি তহবিল’ গঠনের বিষয়টি আস্থাহীনতার সবচেয়ে বড় উদাহরণ। দীর্ঘ ৩০ বছরের দেনদরবারের পর এই তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত হলেও, এতে অর্থ জমার পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক ক্ষতির পরিমাণ শতশত বিলিয়ন ডলার, সেখানে এই তহবিলে জমা পড়েছে মাত্র কয়েকশ মিলিয়ন ডলার। তাও আবার স্বেচ্ছামূলক অনুদানের ভিত্তিতে।

পর্দা নামবে শুক্রবার : রুদ্ধদ্বার কক্ষের শেষ মুহূর্তের নাটকীয়তা প্রতিটি জলবায়ু সম্মেলনেরই একটি অলিখিত চিত্রনাট্য। দুই সপ্তাহব্যাপী চলা এই বিশাল আয়োজনের প্রথম ১০ দিন কাটে মূলত বক্তৃতা, সেমিনার, প্যাভিলিয়ন প্রদর্শনী আর প্রাথমিক খসড়া তৈরিতে। ধনী দেশগুলোর জোট (ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র) ও অন্যান্য উন্নত দেশ এবং বড় উন্নয়নশীল দেশগুলোর জোট (জি-৭৭ ও চীন, আফ্রিকান গ্রুপ, এলডিসি) মুখোমুখি অবস্থানে চলে যায়। তেল ও গ্যাস উৎপাদনকারী ধনী দেশগুলো এবং তাদের লবিস্টরা শেষ মুহূর্তে এমন সব শর্ত জুড়ে দেয়, যাতে মূল চুক্তির দাঁত ও নখ উপড়ে ফেলা হয়। দরিদ্র দেশগুলোর ওপর কূটনৈতিক চাপ তত বাড়তে থাকে এবং তাদের এমন একটি খসড়া উপস্থাপন করা হয়, যা মূল দাবিগুলো পূরণ করে না।

অর্থায়নের নতুন রোডম্যাপ : এবারের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে জলবায়ু অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘদিনের দাবি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় তাদের জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। শুধু অর্থের অঙ্ক ঘোষণা করলেই হবে না, সেই অর্থের নিশ্চয়তা এবং কোন প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো পাবে তার সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। সম্মেলনে প্রস্তাবিত নতুন রোডম্যাপের নাম দেওয়া হয়েছে ‘আনতালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ অন অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফাইন্যান্স’। প্রস্তাব অনুযায়ী, কপ৩১ ও কপ৩২-এর সভাপতিত্বের অধীনে এই রোডম্যাপ নিয়ে কাজ হবে। লক্ষ্য হচ্ছে অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় অর্থের নির্ভরযোগ্য উৎস চিহ্নিত করা এবং অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার উপায় বের করা। ২০২৭ সালে কপ৩২-এ এ কাজের অগ্রগতি তুলে ধরার কথা রয়েছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। রোডম্যাপ তৈরির সিদ্ধান্ত আর বাস্তবে অর্থ পাওয়া এক বিষয় নয়। অতীতেও জলবায়ু সম্মেলনে বিভিন্ন তহবিল, অর্থায়ন কাঠামো ও সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোগ, প্রতিশ্রুত অর্থের তুলনায় বাস্তবে প্রাপ্ত অর্থ অনেক কম। আবার যে অর্থ পাওয়া যায়, তার একটি অংশ ঋণ বা কঠিন শর্তযুক্ত সহায়তার মাধ্যমে আসে। ফলে জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একদিকে দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে, অন্যদিকে ঋণের বোঝাও বহন করতে হচ্ছে।

লক্ষ্যমাত্রা ১২০ বিলিয়ন : সম্মেলনের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন খাতে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার নিশ্চিত করা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র দেশগুলো কিছুটা বেশি সহায়তা পেতে পারে। কিন্তু বেশ ঘাটতি রয়েছে। জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপির ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের জন্য বছরে ৩০৫ বিলিয়ন ডলার পর্যন্ত প্রয়োজন হতে পারে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোতে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল আনুমানিক ২৮ দশমিক ২ থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার। জলবায়ু অভিযোজনের জন্য বাঁধ নির্মাণ, বন্যানিয়ন্ত্রণ, উপকূলীয় এলাকার সুরক্ষা, কৃষিতে নতুন প্রযুক্তি, নিরাপদ পানির ব্যবস্থা এবং দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে বিপুল বিনিয়োগ দরকার। এসব প্রকল্পের অনেকগুলো থেকে তাৎক্ষণিক আর্থিক মুনাফা আসে না। ফলে বাণিজ্যিক ঋণের পরিবর্তে অনুদান ও স্বল্পসুদের দীর্ঘমেয়াদি অর্থায়ন দরকার। কিন্তু উন্নত দেশগুলো অর্থায়নের ক্ষেত্রে সরকারি তহবিল, বেসরকারি বিনিয়োগ, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এবং বিকল্প উৎসের কথা বলছে। এতে প্রশ্ন উঠছে ঘোষিত অর্থের কতটা সরাসরি সরকারি সহায়তা হিসেবে আসবে এবং কতটা বেসরকারি বিনিয়োগের ওপর নির্ভর করবে।

চালেঞ্জে বাংলাদেশের উপকূলীয় জনপদ : জলবায়ুর অর্থায়ন ও অভিযোজনবিষয়ক আলোচনার সঙ্গে বাংলাদেশের স্বার্থ সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, আকস্মিক বন্যা ও তাপপ্রবাহের মতো বহুমুখী ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী ও ভোলার মতো উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশগত সংকট তৈরি করছে না; এর সঙ্গে যুক্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক সমস্যা। কৃষিজমিতে লবণাক্ততা, সুপেয় পানির সংকট, মাছের উৎপাদনে পরিবর্তন এবং জীবিকার অনিশ্চয়তা স্থানীয় জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য জলবায়ু অভিযোজন অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় বাঁধ সংস্কার, টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, লবণসহিষ্ণু কৃষি, নদী ও খাল পুনরুদ্ধার এবং আগাম সতর্কতা ব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত