কারিগরি কাজও ডিসিদের ঘাড়ে!

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ এএম

জেলাপর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, নির্বাচন, আইনশৃঙ্খলা, রাষ্ট্রীয় প্রটোকল ও সরকারের নীতি বাস্তবায়নসহ নানা কাজে ব্যস্ত থাকেন জেলা প্রশাসকরা (ডিসি)। মাঠ প্রশাসনের যেকোনো কাজ বাস্তবায়নের দায়িত্ব পড়ে তাদের ওপর। মাঠপর্যায়ে তিন শতাধিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তারা। এবার স্টেডিয়াম সংস্কার ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বও দেওয়া হচ্ছে ডিসিদের। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো প্রকৌশলই টিম নেই।

ফলে জেলা প্রশাসনের মতো একটি ‘অ-কারিগরি’ দপ্তরে স্টেডিয়াম সংস্কারের মতো কাজের দায়িত্ব দেওয়ায় খেলোয়াড়রা বড় ঝুঁকিতে পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেডিয়ামের মতো একটি বিশেষায়িত স্থাপনা সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ সরকারের বিশেষজ্ঞ প্রকৌশল শাখা দিয়ে করানো উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একদিকে ডিসি অফিসের প্রকৌশল কাজের কারিগরি লজিস্টিক নেই, অন্যদিকে সহস্র কাজে ব্যস্ত এ দপ্তরকে কারিগরি দায়িত্ব দেওয়া তাদের ওপর বাড়তি বোঝা চাপানো হবে বলেও মত দিয়েছেন কেউ কেউ।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা শাখা থেকে সম্প্রতি পাঠানো এক জরুরি চিঠিতে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোর সংস্কারকাজের চাহিদা ও প্রাক্কলন বা এস্টিমেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের।

গত ১১ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা শাখা থেকে ‘তাগিদপত্র-১’ স্মারকে এ নির্দেশ পাঠানো হয়। গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আগামী ১০ বছর স্থায়িত্বের বিষয়টি বিবেচনা করে স্টেডিয়ামগুলোর সংস্কারকাজের চাহিদা ও প্রাক্কলন জরুরি ভিত্তিতে আগামী তিন দিনের মধ্যে পাঠাতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারের বিশেষজ্ঞ প্রকৌশল প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) অন্যতম। তা ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদেরও নিজস্ব প্রকৌশলী রয়েছে। বিশেষজ্ঞ প্রকৌশল টিম থাকার পরও স্টেডিয়ামের মতো স্থাপনা সংস্কারের দায়িত্ব অ-কারিগরি প্রতিষ্ঠানের হাতে দেওয়া ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকারের ‘রুলস অব বিজনেস’ এবং কার্যবণ্টন বিধিমালা অনুযায়ী যেকোনো সরকারি স্থাপনা, বিশেষ করে স্টেডিয়ামের মতো কারিগরি ও প্রযুক্তিগতভাবে জটিল অবকাঠামো নির্মাণ, সংস্কার বা মেরামত এবং এর আর্থিক প্রাক্কলন  তৈরির একমাত্র এখতিয়ার সংশ্লিষ্ট মূল সরকারি প্রকৌশল বিভাগের। বিশেষজ্ঞ প্রকৌশল সংস্থাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে প্রশাসনিক ক্যাডার বা জেলা প্রশাসনের মতো অ-কারিগরি কর্তৃপক্ষের ঘাড়ে এই প্রাক্কলন তৈরির দায়িত্ব চাপিয়ে দেওয়া স্পষ্টতই রুলস অব বিজনেসের পরিপন্থী।

বিশেষজ্ঞরা আরও বলছেন, স্টেডিয়ামের স্ট্রাকচারাল ডিজাইন, লোড বেয়ারিং ক্যাপাসিটি, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কাজ এবং সঠিক মাত্রার সংস্কার প্রাক্কলন সাধারণ বা অ-কারিগরি ব্যক্তিবর্গের পক্ষে নিখুঁতভাবে তৈরি করা সম্ভব নয়। ফলে এ ধরনের অপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে ত্রুটিপূর্ণ সংস্কারকাজ সম্পন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, যা পরে  মাঠে নামা খেলোয়াড় ও দর্শকদের জন্য মারাত্মক জননিরাপত্তা ঝুঁকি এবং বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

পরিকল্পনাবিদদের সংগঠন বিআইপির সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান দেশ রূপান্তরকে বলেন, এটি একটি ভুল কনসেপ্ট। সরকারের বিশেষজ্ঞ প্রকৌশল সংস্থা থাকতে কেন এমন উদ্যোগ নিল, তা বোধগম্য নয়। বিশেষায়িত সংস্থাকে বাদ দিয়ে আমলানির্ভর কারিগরি কাজের ফল কখনোই ভালো হয় না। যাদের কারিগরি জ্ঞান নেই, তাদের দিয়ে কারিগরি কাজ করানো এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা দেখেছি, আগের সরকার আশ্রয়ণ প্রকল্পেও একই কাজ করেছিল। এর ফল কী হয়েছে, তা সবারই জানা।

তিনি বলেন, সরকারের উচিত বিশেষজ্ঞ প্রকৌশল সংস্থা পিডব্লিউডিকে কানেক্ট করা। তাদের কাজে ভুল হলে ধরার ব্যবস্থা আছে। কিন্তু ডিসি ভুল করলে, ধরবে কে? বৃহত্তর জনস্বার্থে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুযায়ীও যেকোনো উন্নয়ন বা সংস্কারকাজের সঠিক ব্যয় প্রাক্কলন বা কস্ট এস্টিমেট প্রস্তুত করার আইনি দায়িত্ব কেবল নিবন্ধিত প্রকৌশলীদের। কিন্তু কোনো ধরনের কারিগরি যাচাই-বাছাই বা মূল প্রকৌশল সংস্থাকে সম্পৃক্ত না করে হুট করে জেলা প্রশাসকদের কাছ থেকে এস্টিমেট চাওয়ার এই তাগিদপত্র নিয়ে এখন ক্রীড়াঙ্গন ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম এহছানুল মামুন দেশ রূপান্তরকে বলেন, জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। সে হিসাবে তাকে চিঠি দেওয়া হয়েছে, জেলা প্রশাসক হিসাবে নয়। এর আগে আমরা আরও একটি চিঠি দিয়েছিলাম, সেখানে স্থানীয় প্রকৌশল শাখার সমন্বয়ে কাজটি করার কথা বলা হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত